মো:ফারুক আহমেদ (ঘাটাইল)
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় অবৈধ মোটরযানের বিরুদ্ধে সমন্বিত অভিযানে জরিমানা আদায় ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আজ বুধবার গুণগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। অভিযানে ট্রাফিক আইন অমান্য করা এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান চলাকালে মোট তিনটি পৃথক মামলা দায়ের করা হয়। এসব মামলায় সংশ্লিষ্টদের কাছ থেকে মোট ২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। একই সঙ্গে যথাযথ রেজিস্ট্রেশন না থাকায় একটি মোটরসাইকেল জব্দ করে ডাম্পিং ইয়ার্ডে পাঠানো হয়েছে।
অভিযান পরিচালনাকারী ঘাটাইলের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং অবৈধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে।
জনস্বার্থে এ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। স্থানীয়দের মতে, এমন উদ্যোগ সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।