নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনায় উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। বুধবার পর্যন্ত জেলায় ১৩জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৫জন নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।তবে আটপাড়ার আরিফ নামের এক শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বুধবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এর আগে ৭জন শিশু সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, জেলায় আক্রান্ত শিশুদের বয়স ছয় মাস থেকে তিন বছরের মধ্যে। শনাক্তদের মধ্যে নেত্রকোনা সদরে ৪জন, আটপাড়ায় ৪জন, কেন্দুয়ায় ২জন, বারহাট্টা ১জন, পূর্বধলা ১জন ও কলমাকান্দা ১জন। নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ৫জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল সূত্র জানায়, সাম্প্রতি জ্বর, সর্দি, কাশি ও শরীরে লালচে ফুসকুড়ি নিয়ে শিশুদের হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাদের শরীরে হাম সংক্রমণ ধরা পড়ে। আক্রান্তদের বেশিরভাগই শূন্য থেকে পাঁচ বছর বয়সী শিশু। হাম আক্রান্ত শিশুদের জন্য হাসপাতালে আলাদা আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে।
শিশু বিভাগের ডা. মো. আবু রায়হান খান বলেন, হাম রোগীদের জন্য আলাদা কর্নার চালু রয়েছে এবং সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে সাতজন রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে ৫জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, হাসপাতালে ভিটামিন এ ক্যাপসুল, প্যারাসিটামল সিরাপসহ কিছু প্রয়োজনীয় ওষুধের ঘাটতি রয়েছে। অভিভাবকরা বাইরে থেকে এ ধরণের ঔষধ সংগ্রহ করতে হচ্ছে। তবে অক্সিজেন সরবরাহ স্বাভাবিক রয়েছে।
সিভিল সার্জন ডাঃ মো. গোলাম মাওলা বলেন, আক্রান্ত শিশুদের চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। টিকার সংকট নেই। তবে এন্টিবায়োটিক হাসপাতালে না থাকাই অভিভাবকদের কিনতে হচ্ছে।