মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় নদীতে গোসল করতে গিয়ে রুবেল সর্দার নামে এক দিনমজুরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়ার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, তিনি কোনো অপরাধে জড়িত ছিলেন না এবং ভুলবশত তাকে সাজা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার বেজগাঁও ইউনিয়নের মৃধা বাড়ি সংলগ্ন নদীর তীরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বাসিত সাত্তার। এ সময় নদীতে নোঙর করা দুটি বালুবাহী বাল্কহেড থেকে দুজনকে আটক করা হয়। একই স্থানে উপস্থিত থাকায় রুবেল সর্দারকেও আটক করা হয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, কাজ শেষে দুপুরের দিকে রুবেল নদীতে গোসল করতে যান। এ সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে আটক করা হয় এবং পরে আটক তিনজনকেই এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রুবেলের স্ত্রী সাবিনা বেগম অভিযোগ করেন, তার স্বামী বেড়িবাঁধ নির্মাণকাজে জিও ব্যাগে বালু ভরাটের শ্রমিক হিসেবে কাজ করেন। বাল্কহেড বা বালু ব্যবসার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। “তিনি শুধু গোসল করতে গিয়েছিলেন। কোনো অপরাধ না করেও তাকে সাজা দেওয়া হয়েছে,” বলেন তিনি।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই দাবি করেছেন, যথাযথ যাচাই-বাছাই ছাড়াই একজন সাধারণ শ্রমিককে শাস্তি দেওয়া হয়েছে।
এলাকার ব্যবসায়ী অরুণ মাঝি বলেন, “রুবেল একজন দিনমজুর। বালু ব্যবসার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত।”
অন্যদিকে স্থানীয় বাসিন্দা আইয়ুব মিয়া জানান, বাল্কহেড দুটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল এবং তেল সংকটের কারণে সেখানে নোঙর করা ছিল।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড কার্যকর করা হয়েছে। তবে পরিবার চাইলে এডিএম আদালতে আপিল করতে পারে।