মেহেরপুর সদর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৩৭৫ লিটার জ্বালানি তেল জব্দ করেছে পুলিশ। এ সময় অবৈধভাবে তেল মজুত রাখার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত উপজেলার দক্ষিণ শালিকা গ্রামে এ অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি যৌথ দল।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ শালিকা গ্রামের আবু সুফিয়ানের মালিকানাধীন ‘ফারাবী ট্রেডার্স’ নামের একটি গুদামে অভিযান চালানো হয়। এ সময় গুদাম থেকে ২৬ ব্যারেলে সংরক্ষিত মোট ৫ হাজার ৩৭৫ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। গুদামটি ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের প্রায় এক কিলোমিটারের মধ্যে অবস্থিত।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তেলগুলো অবৈধভাবে মজুত করা হয়েছিল। এ সময় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অভিযোগে গুদাম মালিক আবু সুফিয়ানকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ট্রাইব্যুনাল আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে।
মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, জব্দ তেল আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সীমান্ত এলাকায় অবৈধ পণ্য মজুত ও চোরাচালান রোধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।