সানজিদা খানম , গবি প্রতিনিধি;
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) মশার প্রকোপে ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগের আবির্ভাব রুখতে মশক নিধন কার্যক্রম করেছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু)।
সোমবার (৩০ মার্চ) দিনব্যাপী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং আশপাশ সংলগ্ন এলাকায় ধোঁয়া তৈরির মেশিনের সাহায্যে মশা নিধন ধোঁয়া প্রদান করে এই কার্যক্রম চালানো হয়।
কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি ইয়াছিন আল মৃদুল দেওয়ান জানান, ‘ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির পর গকসুর গৃহীত প্রথম উদ্যোগ হিসেবে এই মশা নিধন কর্মসূচি হাতে নেওয়া হয়। প্রাথমিকভাবে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফগার মেশিনের মাধ্যমে ধোঁয়া দেওয়া হচ্ছে। পরবর্তীতে শিক্ষার্থীদের আবাসিক স্থাপনাগুলোতেও পর্যায়ক্রমে মশা নিধনের ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও। রসায়ন বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী উম্মে হাবিবা বলেন, ‘বর্ষা মৌসুমে মশার উপদ্রব বেড়ে যায়, যা ডেঙ্গুসহ নানা রোগের ঝুঁকি তৈরি করে। গকসুর এই উদ্যোগ আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং সময়োপযোগী। এতে ক্যাম্পাসে একটি স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা সম্ভব হবে।’
বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী বিভোর বলেন, ‘শুধু মশা নিধন নয়, এই কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতেও সহায়ক হবে। আমরা যদি সবাই নিজেদের পরিবেশ পরিষ্কার রাখি, তাহলে মশার বংশবিস্তার অনেকটাই কমে আসবে।’
শিক্ষার্থীরা আরও আশা প্রকাশ করেন, গকসুর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং একটি পরিচ্ছন্ন ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে সহায়তা করবে।