মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে এক স্কুলছাত্র নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে অভিযান চালাচ্ছে।
নিখোঁজ শিক্ষার্থীর নাম মো. আরাফাত (১৭)। তিনি শ্রীনগর পাইলট স্কুলের দশম শ্রেণির ছাত্র।
রোববার (২৯ মার্চ) দুপুর প্রায় ২টার দিকে মাওয়া পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আরাফাত তার তিন বন্ধুকে সঙ্গে নিয়ে পদ্মা নদীতে গোসল করতে নামেন। এ সময় চারজনের মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আরাফাত পানির স্রোতে তলিয়ে যায় এবং নিখোঁজ হয়।
ঘটনার খবর পেয়ে দ্রুত মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে তাদের তৎপরতা অব্যাহত ছিল।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, নিখোঁজ আরাফাতকে খুঁজে বের করতে ডুবুরি দল সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পাওয়ার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন।