সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ছয়জন। মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে ঢাকামুখী একটি স্লিপার কোচের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
রবিবার (২৯ মার্চ) ভোরের পর সকাল ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের চন্ডিপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাসিন্দা মোশাররফ হোসেন বাবু। অন্য নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানায়, দিনাজপুর থেকে যাত্রী নিয়ে ‘হেরিটেজ’ নামের একটি স্লিপার বাস ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথিমধ্যে চন্ডিপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই বাসের চালকের সহকারী এবং এক যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসে এবং আহতদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নিহতদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।