সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে তীব্র পেট্রোল সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। জেলার অধিকাংশ পেট্রোল পাম্পে পেট্রোল না থাকায় দুর্ভোগ বেড়েই চলেছে। আর যেখানে সামান্য সরবরাহ রয়েছে, সেখানে সকাল থেকেই দেখা যাচ্ছে মোটরসাইকেলের দীর্ঘ সারি।
শনিবার (২৮ মার্চ ) দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় অবস্থিত নওরিন ফিলিং স্টেশনে টানা ৮ দিন পর আজ পেট্রোল সরবরাহ আসে। তবে চাহিদার তুলনায় সরবরাহ অপ্রতুল হওয়ায় পাম্প কর্তৃপক্ষ পেট্রোল বিতরণে হিমশিম খায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের লোকজন ঘটনাস্থলে উপস্থিত থাকলেও অতিরিক্ত চাপের কারণে স্বাভাবিকভাবে পেট্রোল সরবরাহ করা সম্ভব হয়নি। একপর্যায়ে পাম্প কর্তৃপক্ষ বিকেল ৩টার দিকে পুনরায় পেট্রোল দেওয়ার কথা জানিয়ে সাময়িকভাবে সরবরাহ বন্ধ করে দেয়।
এদিকে পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও পেট্রোল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।
মোটরসাইকেল চালক রিয়াদ বলেন, “সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু এখনও পেট্রোল পাইনি। কাজকর্ম সব বন্ধ হয়ে আছে, খুব কষ্টে আছি।”
আরেকজন চালক বলেন, “প্রতিদিনই এমন সমস্যা হচ্ছে। পেট্রোল না পেলে আমরা চলব কীভাবে? দ্রুত এই সংকট সমাধান করা দরকার।”
স্থানীয়দের অভিযোগ, হঠাৎ করে পেট্রোলের সরবরাহ কমে যাওয়ায় জনজীবনে মারাত্মক প্রভাব পড়ছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।