মোঃ সোবেল মিয়া, নাসিরনগর, প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় বিএনপিকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি।
২৭ মার্চ রোজ শুক্রবার বেলা সাড়ে ১২টার সময় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে.এম. বশির উদ্দিন (তুহিন)।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৪ মার্চ ২০২৬ তারিখে প্রথম আলোসহ বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন গণমাধ্যমে নাসিরনগর উপজেলার একটি নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হওয়ার যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি দাবি করেন, গোয়ালনগর ইউনিয়নের গোয়ালনগর ও দক্ষিণদিয়া গ্রামের মধ্যে সংঘর্ষকে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ নয়।
বিএনপি নেতারা জানান, প্রকৃতপক্ষে এই ঘটনার সূত্রপাত ২০২৪ সালের একটি মানবপাচার সংক্রান্ত ঘটনার জেরে। ওই ঘটনায় ইতালি নেওয়ার প্রলোভন দেখিয়ে ২৬ যুবককে লিবিয়ায় পাঠিয়ে দালাল চক্র বিপুল অর্থ আত্মসাৎ করে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলো মানববন্ধন ও মামলা দায়ের করে।
তারা আরও জানান, মানবপাচার মামলায় অভিযুক্ত আরমান মিয়া ও ফরহাদ মিয়ার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলে তাদের গ্রেফতার করা হয়। বর্তমানে আরমান মিয়া কারাগারে রয়েছেন।
বক্তব্যে বলা হয়, এই ঘটনার জের ধরে দালাল চক্রের অর্থ লেনদেন নিয়ে সম্প্রতি বিএনপি থেকে বহিষ্কৃত আবুল কাশেম এবং যুবলীগ নেতা রহিম মিয়ার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এই দ্বন্দ্ব থেকেই ঈদের আগে ও পরে কয়েক দফা সংঘর্ষ ঘটে এবং সর্বশেষ ২৪ মার্চের ঘটনায় তিনজন নিহত হন।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির পক্ষ থেকে বলা হয়, এই সংঘর্ষের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), নাসিরনগর উপজেলা বিএনপি বা এর কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের সম্পৃক্ততা নেই।
ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দ সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।