নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার কেন্দুয়ায় অবৈধভাবে জালানী মজুদ করায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ব্যবসায়ীকে ৪০হাজার টাকা জরিমানা করেছে। এসময় ৮০০লিটার পেট্রোল জব্দ করা হয়। অভিযানে উপজেলার রামপুর বাজারের “মেসার্স কৃষি সাথী” স্বত্বাধিকারী ওসমান গণিকে এ জরিমানা করা হয়।
শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় কেন্দুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমান আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলমান জ্বালানি তেল সংকটে অসাধু চক্র যাতে অস্থিরতা করতে না পারে প্রশাসন স্বক্রিয়ভাবে নজরদারি করছে। তারপরও প্রশাসন কে ফাঁকি দিয়ে ওই ব্যবসায়ী অবৈধভাবে পেট্রোল মজুদ করে লাইসেন্স ছাড়াই বেশি দামে বিক্রি করে আসছিলেন।
এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তার গুদামঘরে ড্রামে সংরক্ষিত ৮০০লিটার পেট্রোল জব্দ করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালত পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা, মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।
এছাড়াও জব্দকৃত পেট্রোল শনিবার (২৮ মার্চ) সকাল ১০টায় রামপুর বাজারে সরকার নির্ধারিত মূল্যে নির্ধারিত পরিমাণ অনুযায়ী প্রকাশ্যে বিক্রির জন্য কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে ইউএনও মো. রিফাতুল ইসলাম জানান, এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।