পটুয়াখালীর মির্জাগঞ্জে দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশা (স্থানীয় নাম টমটম) চাপায় সুলতানা আক্তার (২২) নামে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৩টায় উপজেলার রানীপুর পূর্ব দেউলী বাসস্ট্যান্ড সংলগ্ন চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুলতানা আক্তার বরগুনা জেলার বেতাগী উপজেলার দক্ষিণ করুনা গ্রামের মো. সুলতান ও তুলি বেগমের মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সুলতানা আক্তার চৌরাস্তার সিকদার মার্কেটের একটি ফ্লেক্সিলোডের দোকান থেকে মোবাইল রিচার্জ করে ঢাকা-বরগুনা মহাসড়ক পার হয়ে পশ্চিম পাশে যাচ্ছিলেন। এ সময় বরগুনা থেকে আসা একটি দ্রুতগতির টমটম তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তদন্ত কর্মকর্তা মির্জাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন জানান, ঘাতক টমটমটি চাল পরিবহনে ব্যবহৃত হচ্ছিল। চালক শামিম গাজী (২২)কে আটক করা হয়েছে। তিনি বরগুনা জেলার পশ্চিম কেওড়াবুনিয়া এলাকার বাসিন্দা।
স্থানীয়দের বরাতে তিনি আরও জানান, গাড়িটি অত্যন্ত বেপরোয়া গতিতে চলছিল এবং চালক ব্রেক করার কোনো চেষ্টা করেননি। এছাড়া যানটির কোনো বৈধ কাগজপত্র ছিল না এবং চালকেরও ড্রাইভিং লাইসেন্স ছিল না।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ঘাতক চালককে আটক করা হয়েছে এবং অবৈধ যানবাহন ও লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।