পটুয়াখালীর দশমিনা উপজেলায় বিয়েবাড়িতে ‘গেটের টাকা’ নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছেন। একই সঙ্গে বরপক্ষের প্রায় তিন লাখ টাকার ক্ষতির অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৬ নম্বর বাঁশবাড়ী ইউনিয়নের ঢনঢনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—বরের ছোট ভাই রাসেল মল্লিক (২৫), মামা শফিক হাওলাদার (২৬), মামাতো ভাই শাকিল হোসেন (১৬) এবং কনের মামা জামাল হাওলাদার (৪০)। এর মধ্যে বরপক্ষের ৩ জন এবং কনেপক্ষের ১ জন রয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিয়ের অনুষ্ঠানে গেটে টাকা নেওয়া নিয়ে প্রথমে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় এক নারী সদস্যের গায়ে লাঠি লাগার ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত একজনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
কনের বাবা সাগর মিয়া জানান, প্রায় পাঁচ মাস আগে পারিবারিকভাবে রাকিবের সঙ্গে তার একমাত্র মেয়ের বিয়ে সম্পন্ন হয়। নির্ধারিত সময় অনুযায়ী বরপক্ষ কনেকে নিতে আসে এবং পরে তাদের বাড়িতে জামাইসহ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে গেটের টাকা নিয়ে ভুল বোঝাবুঝি থেকে এ ঘটনার সূত্রপাত। তিনি দাবি করেন, কনেপক্ষ থেকে কাউকে মারধর করা হয়নি।
অন্যদিকে, বরের বড় ভাই হারুনার রশিদ মল্লিক অভিযোগ করেন, গেটের টাকা নিয়ে বিরোধের জেরে কনেপক্ষের লোকজন অতর্কিত হামলা চালায়। এতে বাড়ির আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং অনুষ্ঠানের নগদ প্রায় দুই লাখ টাকা লুট করা হয়েছে।
তবে উভয় পক্ষই বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার আশাবাদ ব্যক্ত করেছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনে আইনগত পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তারা।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম মেহেদী বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।