কুমিল্লায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত একই পরিবারের চার সদস্যের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে লক্ষ্মীপুরে।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে জানাজা শেষে সদর উপজেলার তিতারকান্দি গ্রামে আব্দুল মমিনের শ্বশুরবাড়ির পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।
এর আগে ভোরে মরদেহগুলো লক্ষ্মীপুরে পৌঁছালে সেখানে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়। স্বজনদের আহাজারিতে এলাকা ভারী হয়ে ওঠে এবং মরদেহ দেখতে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্টারলাইন পরিবহনের একটি বাস চট্টগ্রামমুখী লেনে চলার সময় বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় একটি প্রাইভেটকারকে জোরে ধাক্কা দেয়। সন্ধ্যা ছয়টার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক নিহত হন।
গুরুতর আহত অবস্থায় প্রাইভেটকারের যাত্রীদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আব্দুল মমিন, তার স্ত্রী ঝর্না বেগম, ছেলে সাইফ এবং মেয়ে লাবিবাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের আরেক শিশু আবরার গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া নিহত চালক জামাল হোসেনের দাফন তার গ্রামের বাড়ি বরিশালে সম্পন্ন হয়েছে।