মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সড়কপথে চলাচলকারী সিএনজি, মাহেন্দ্র ও জিপে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনা ক্রমেই উদ্বেগজনক আকার ধারণ করেছে। নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। এ পরিস্থিতিতে ভুক্তভোগীরা জাতীয় পর্যায়ে কার্যকর প্রতিকার ও নজরদারির দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে দীঘিনালা বাস টার্মিনাল এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, পরিবহনগুলোতে নির্ধারিত ভাড়া উপেক্ষা করে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। জিপে ৭০ টাকার পরিবর্তে ৮০ টাকা, মাহেন্দ্রে ৭০ টাকার স্থলে ১০০ টাকা এবং সিএনজিতে ৮০ টাকার পরিবর্তে ১০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।
ভুক্তভোগী যাত্রীরা জানান, দীর্ঘদিন ধরে এ ধরনের অনিয়ম চললেও কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। এতে প্রতিদিন বাড়তি খরচ গুনতে হচ্ছে সাধারণ মানুষকে, যা নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির জন্য বড় ধরনের চাপ সৃষ্টি করছে।
চালকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের সংকট ও দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করায় তাদের আয় কমে গেছে। এ কারণে তারা ভাড়া কিছুটা বাড়াতে বাধ্য হচ্ছেন বলে দাবি করেন।
তবে সিএনজি মালিক সমিতি বলছে, আনুষ্ঠানিকভাবে কোনো ভাড়া বৃদ্ধি করা হয়নি এবং নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত টাকা আদায়ের কোনো অনুমোদন নেই।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ জানান, অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে সচেতন মহল মনে করছেন, এ সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসনের পাশাপাশি জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি ও কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি। অন্যথায় সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে