মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের প্রধান সড়কের পাশে বাঁশ বাগানের নিচে থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এই মরদেহ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে আজ দুপুরের দিকে বাঁশ বাগান থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এ সময় স্থানীয় কয়েকজন সেখানে গেলে অর্ধ গলিত এই মরদেহ দেখতে পাই। এ সময় তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
মেহেরপুর সদর থানার তদন্ত কর্মকর্তা শিমুল হোসেন জানান মরদেহটি অর্ধ গলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে, তাই তার পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। অজ্ঞাত ব্যক্তিটির পরিচয় সনাক্তের জন্য ডিএনএ টেস্ট করা হবে।
পাশাপাশি ওই ব্যক্তিকে হত্যা করে ফেলে রাখা হয়েছে না অন্য কারণে তার মৃত্যু হয়েছে সেটি জানার জন্য মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।