মঈন উদ্দীন, বান্দরবান
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ভোরের প্রথম প্রহরে বান্দরবানের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। যথাযোগ্য মর্যাদায় মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে দিনটি উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রভাতের আলো ফুটতেই বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চত্বরে অবস্থিত মুক্তিযুদ্ধ শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।
ভোর ৫.৫০ থেকে ৬.৫০ পর্যন্ত জেলার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে জাতীয় পতাকা উত্তোলন, একত্রিশবার অস্ত্রধ্বনি এবং সশস্ত্র সালামের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করা হয়।
প্রভাতের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরি, এমপি।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি, পুলিশ সুপার মোঃ আব্দুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মঞ্জুরুল হক, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা আবুল মনসুর এবং বান্দরবান সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি।
এছাড়া বান্দরবানের রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক মোঃ ওসমান গনি, যুগ্ম আহবায়ক মজিবুর রশিদ, যুগ্ম আহবায়ক আব্দুল মাবুদ, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক সা শৈ প্রু, সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ নানা পেশার লোকজন অংশগ্রহণ করেন।