গাইবান্ধার সদর উপজেলায় পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এক হৃদয়বিদারক ঘটনার সৃষ্টি হয়েছে। জমির অংশ কম পাওয়ার ক্ষোভে ছেলে নিজের বাবার কবরের বেষ্টনী ভেঙে ফেলেছেন।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার খোলাহাটী ইউনিয়নের দক্ষিণ আনালের তাড়ি গ্রামে। এ ঘটনায় এলাকায় নিন্দার ঝড় উঠেছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মৃত আব্দুল মান্নান মিয়া জীবদ্দশায় তার ৪ বিঘা জমি পাঁচ ছেলের মধ্যে ভাগ করে দেন। তবে বণ্টন নিয়ে অসন্তোষ ছোট ছেলে শাহ আলম মিয়া শালুর।
তার দাবি, অন্য ভাইদের তুলনায় তিনি কম জমি পেয়েছেন। এই বিরোধের জের ধরেই মঙ্গলবার তিনি বাবার কবরস্থানে গিয়ে কবর ঘেরা অংশ ভাঙচুর করেন বলে অভিযোগ ওঠে। ঘটনাস্থলটি তার দ্বিতীয় ভাই ইকবাল মিয়ার জমির ভেতরে হওয়ায় বিরোধ আরও তীব্র হয়ে ওঠে।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। ভিডিও তে দেখা যায় অভিযুক্ত ছেলে ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে এবং পায়ের আঘাতে কবরের বেষ্টনি (বেড়া) ভাঙচুর করছেন। এসময় কবরের আশপাশে স্থানীয় অনেক নারী-পুরুষকেও ভিডিওতে দেখা যায়।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি অবসরপ্রাপ্ত সেনাসদস্য হওয়ায় এলাকায় তার প্রভাব রয়েছে। এ কারণে তার বিরুদ্ধে প্রকাশ্যে কেউ কথা বলতে সাহস পান না বলেও অনেকে দাবি করেছেন। তবে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হাই বলেন, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান এবং স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এটি খুবই দুঃখজনক ঘটনা। আমরা পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেছি।
খোলাহাটি ইউপি চেয়ারম্যান মাসুম হক্কানি বলেন, ঘটনাটি শুনেছি। বিষয়টি অত্যন্ত গর্হিত। আর যাই হোক, সম্পত্তির কারণে বাবার কবরে ভাঙচুর চালানো মোটেও উচিত হয়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ভিডিওটি এখনো আমাদের নজরে আসেনি বা কেউ অভিযোগও করেনি। অভিযোগ পেলে কিংবা নজরে এলে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।