ভিডিও কলের মাধ্যমে সিলেটের একটি হাসপাতালে আকস্মিক তদারকি চালিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ১২টার দিকে রাজধানীর সচিবালয়ে অবস্থান করে তিনি দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় ভিডিও কলে আউটডোরে আসা রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান এবং সরকারি ওষুধ পাওয়ার বিষয়টি সম্পর্কে খোঁজ নেন।
তদারকির এক পর্যায়ে তিনি দায়িত্বে থাকা চিকিৎসকদের উপস্থিতি যাচাই করতে হাজিরা খাতা দেখানোর নির্দেশ দেন। খাতায় স্বাক্ষর এবং উপস্থিত চিকিৎসকদের বিষয়টি তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
চিকিৎসকদের উপস্থিতি ও রোগীদের সন্তুষ্টি নিয়ে ইতিবাচক তথ্য পাওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। একই সঙ্গে চিকিৎসকদের সেবার মানসিকতা আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।
এর আগে সোমবার (২৩ মার্চ) তিনি জকিগঞ্জ উপজেলা হাসপাতালেও একইভাবে ভিডিও কলে তদারকি করেন। সেখানে চারজন চিকিৎসকের মধ্যে একজন অনুপস্থিত থাকায় অসন্তোষ প্রকাশ করে বিষয়টি তদন্তের নির্দেশ দেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, দুর্গম এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কর্মরতদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি ‘হেলথ কার্ড’ চালুর মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।