মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের শেখরনগর এলাকায় ৫৩১ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মা রক্ষা কালী পূজা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ উপলক্ষে দেশ-বিদেশের লক্ষাধিক ভক্তের সমাগমে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। ভারত, নেপাল ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশ থেকে আগত ভক্তদের উপস্থিতিতে পূজা প্রাঙ্গণে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
মঙ্গলবার সকালে মায়ের থাল ও ঘট নিয়ে গ্রাম প্রদক্ষিণের মধ্য দিয়ে পূজার মূল কার্যক্রম শুরু হয়। দিনভর বিভিন্ন দেব-দেবীর পূজা-অর্চনা শেষে রাত ১২টা ১ মিনিটে শ্রী শ্রী মা রক্ষা কালী পূজার প্রধান আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সনাতন ধর্মাবলম্বীদের কাছে এটি একটি বিশেষ পূজা, যেখানে দেবী কালীকে অশুভ শক্তি বিনাশ ও বিপদ থেকে রক্ষাকারী দেবী হিসেবে আরাধনা করা হয়।
ইতিহাস সূত্রে জানা যায়, স্থানীয় ঋষি সম্প্রদায়ের উদ্যোগে বাংলা ৯০১ সন (ইংরেজি ১৪৯৫ সাল) থেকে এ পূজার প্রচলন শুরু হয়। সেই থেকে প্রতিবছর নিয়মিতভাবে এ পূজা অনুষ্ঠিত হয়ে আসছে, যা বর্তমানে দেশের অন্যতম প্রাচীন ধর্মীয় আয়োজন হিসেবে পরিচিত।
পূজার দ্বিতীয় দিন বুধবার ভোর থেকে ভক্তদের মানত অনুযায়ী সহস্রাধিক পাঁঠা বলি দেওয়া হবে। এছাড়া সন্ধ্যায় আরতি, নৃত্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে।
পূজাকে কেন্দ্র করে কালী মন্দির প্রাঙ্গণে ৭ দিনব্যাপী গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বাঁশ ও বেতের তৈরি আসবাবপত্র, গৃহস্থালির নানা সামগ্রী, ধারালো যন্ত্রপাতি, খাবারের শতাধিক স্টল এবং শিশুদের জন্য নাগরদোলা স্থাপন করা হয়েছে।
পূজা উদযাপন কমিটির সভাপতি রতন চন্দ্র দাস জানান, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপার ইতোমধ্যে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন এবং সার্বিক নিরাপত্তার আশ্বাস দিয়েছেন। তিনি আরও বলেন, প্রতি বছর এই পূজাকে ঘিরে হিন্দু-মুসলমান নির্বিশেষে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে, যা এখন একটি মিলনমেলা ও ধর্মীয় সম্প্রীতির প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।