পটুয়াখালীর গলাচিপা ও দশমিনা উপজেলার সাবেক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মহিউদ্দিন আল হেলালকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অ্যাসাইনমেন্ট অফিসার-০১ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর এ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ প্রশাসনিক অঙ্গনে ইতিবাচক সাড়া ফেলেছে।
জানা গেছে, জনপ্রশাসনে দীর্ঘদিনের অভিজ্ঞতা, দক্ষতা, সততা ও কর্মনিষ্ঠার জন্য তিনি ইতোমধ্যে সুনাম অর্জন করেছেন। মাঠ প্রশাসনে দায়িত্ব পালনকালে তিনি জনগণের আস্থা অর্জনে সক্ষম হন, যা তাঁর এই পদে নিয়োগ পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
গলাচিপা ও দশমিনা উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালনকালে মহিউদ্দিন আল হেলাল জনসেবামুখী বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। বিশেষ করে শিক্ষা খাতের উন্নয়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং দুর্যোগকালীন কার্যকর ব্যবস্থাপনায় তাঁর ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়। ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এ অঞ্চলে তাঁর সময়োপযোগী পদক্ষেপ স্থানীয় মানুষের কাছে ব্যাপক প্রশংসা কুড়ায়।
এছাড়াও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতকরণ, সেবার মান বাড়ানো এবং সরকারি কার্যক্রমে গতি আনতে তিনি বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করেন। তাঁর নেতৃত্বে গলাচিপা উপজেলায় বেশ কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়িত হয়, যা সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অ্যাসাইনমেন্ট অফিসার-০১ হিসেবে নতুন দায়িত্বে তিনি নীতিনির্ধারণী বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে সম্পৃক্ত থাকবেন বলে জানা গেছে। তাঁর অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা ও দূরদর্শিতা এই দায়িত্ব পালনে বিশেষ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল আশাবাদ ব্যক্ত করেছে।
গলাচিপার সর্বস্তরের মানুষ তাঁর এ পদোন্নতিতে সন্তোষ প্রকাশ করেছেন এবং নতুন দায়িত্বে সফলতা কামনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন গলাচিপা ও দশমিনার বিভিন্ন স্তরের মানুষ।
স্থানীয়রা আশা করছেন, ভবিষ্যতেও তিনি দেশের উন্নয়ন ও জনসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে যাবেন।