নীলফামারী জেলার সর্ববৃহৎ ঈদগাহ ময়দান চিলাহাটির শব্দিগঞ্জে পবিত্র ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এ বছর ঈদের জামাতে প্রায় ৭৫টি কাতারে কয়েক হাজার মুসল্লি একত্রিত হয়ে নামাজ আদায় করেন।
ঐতিহ্যবাহী এই ঈদগাহ ময়দানে দূর-দূরান্ত থেকে মুসল্লিরা এসে ঈদের নামাজে অংশ নেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ঈদগাহ কমিটির দাবি, এটি রংপুর বিভাগের দ্বিতীয় বৃহত্তম, নীলফামারী জেলার সর্ববৃহৎ এবং বাংলাদেশের বৃহত্তম কয়েকটি ঈদগাহ মাঠের মধ্যে এটি একটি। এত বড় পরিসরের ময়দান হওয়া সত্ত্বেও এখানে সরকারি কোনো বরাদ্দ পাওয়া যায় না। বর্তমানে মাটির উন্নয়ন কাজ চলমান রয়েছে। সরকার যদি একটু মর্যাদা তাহলে এটিও দিনাজপুরের শোলাকিয়া ঈদগাহ মাঠের মতো জায়গা দখল করবে।
ময়দান কর্তৃপক্ষ জানায়, বহু বছরের ঐতিহ্য ধরে এই ঈদগাহে নিয়মিত ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিবছরের মতো এবারও বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে ঈদগাহ ময়দান পরিণত হয় এক মিলনমেলায়।
স্থানীয়দের মতে, নীলফামারী জেলার মধ্যে এত বড় পরিসরে ঈদের জামাত আর কোথাও অনুষ্ঠিত হয় না, যা এ ঈদগাহকে দিয়েছে বিশেষ গুরুত্ব ও মর্যাদা।