মঈন উদ্দীন,বান্দরবান
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার শেষ করে যথাযোগ্য মর্যাদায় ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবানে পবিত্র ঈদুল ফিতরের ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ মার্চ) সকাল ৭.৩০ মিনিটে বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রথম ও প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এসময় শহরের হাজার হাজার মুসল্লি একইসাথে মিলিত হয়ে ঈদের জামাতে নামাজ আদায় করেন। এসময় জামাত পরিচালনা করেন বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ক্বারী মুজিবুল হক।
পরে বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৮.৩০ মিনিটে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এসময় জামাত পরিচালনা করেন বান্দরবান স্টেডিয়াম জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবদুল্লাহ।
এছাড়া বান্দরবান জেলায় বিভিন্ন সময়ে বান্দরবানের বিভিন্ন মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্টিত হয়।
নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনাও আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মোনাজাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
এসময় ঈদের নামাজ ও মোনাজাতে অংশ নেন বান্দরবান পৌরসভার প্রশাসক এস, এম, মনজুরুল হক, জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জাবেদ রেজা, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা আমীর এস এম আবদুচ ছালাম আজাদ, নায়েবে আমীর এ্যাড. আবুল কালাম আজাদ সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা এবং মুসলিম সম্প্রদায়ের জনসাধারণ।