কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে লাখো মুসল্লির অংশগ্রহণে দেশের অন্যতম বৃহৎ ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ মার্চ) সকাল ১০টায় অনুষ্ঠিত এই জামাতকে ঘিরে পুরো শোলাকিয়া ঈদগাহ মাঠ জনসমুদ্রে পরিণত হয়। এ বছর এখানে ১৯৯তম ঈদ জামাত অনুষ্ঠিত হলো।
জামাতে ইমামতি করেন মুফতি আবুল খায়ের মুহাম্মদ ছাইফুল্লাহ। নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
প্রচলিত রেওয়াজ অনুযায়ী নামাজ শুরুর আগে বন্দুকের গুলির মাধ্যমে সময় সংকেত দেওয়া হয়। নামাজের ১৫ মিনিট আগে তিনটি, ১০ মিনিট আগে দুটি এবং ৫ মিনিট আগে একটি গুলি ছোড়া হয়।
মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে এবারও ‘শোলাকিয়া স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেন চালু করা হয়। ‘শোলাকিয়া এক্সপ্রেস-১’ ভৈরব থেকে সকাল ৬টায় ছেড়ে সকাল ৮টায় কিশোরগঞ্জ পৌঁছে এবং দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে বেলা ২টায় ভৈরব পৌঁছায়।
অন্যদিকে ‘শোলাকিয়া এক্সপ্রেস-২’ ময়মনসিংহ থেকে সকাল পৌনে ৬টায় ছেড়ে সকাল সাড়ে ৮টায় কিশোরগঞ্জ পৌঁছায় এবং দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে বেলা ৩টায় ময়মনসিংহে পৌঁছায়।