দুমকী প্রতিনিধি :
সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছরের মতো এবারও পটুয়াখালী জেলার দুমকী উপজেলার একটি গ্রামের মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেছেন।শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ি জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এতে প্রায় ১০০ জন মুসল্লি অংশ নেন। নামাজে ইমামতি করেন মাওলানা মনিরুল ইসলাম।আয়োজকরা জানান, সৌদি আরবের সময়ের সঙ্গে মিল রেখে তারা দীর্ঘদিন ধরে ঈদের জামাত আয়োজন করে আসছেন।
আগে এ ধরনের জামাত আয়োজনের জন্য থানা থেকে অনুমতি নিতে হতো। বর্তমানে মোবাইল ফোনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়।
স্থানীয় মুসল্লি সাব্বির আহমেদ বলেন, “গত প্রায় ৩৫ বছর ধরে আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছি।”আয়োজক কমিটির সদস্য জালাল আহমেদ তালুকদার জানান, ওআইসিসহ বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশ আজ ঈদ উদ্যাপন করছে। রাসুল (সা.)-এর সুন্নাহ অনুসরণ করেই তারা ঈদ উদ্যাপন করছেন বলে তিনি উল্লেখ করেন।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। খুতবায় ইমাম ঈদের ত্যাগ ও শিক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।