মঈন উদ্দীন,বান্দরবান
বান্দরবান শহরের মেঘলা এলাকায় পাহাড়ের নিচ থেকে রমেসিং মার্মা (৩০) ও চার বছর বয়সী বৃষ্টি মার্মা নামে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে মেঘলার লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার দুর্গম এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন—রমেসিং মার্মা (৩০) ও তার চার বছর বয়সী মেয়ে বৃষ্টি মার্মা। তাদের বাড়ি মেঘলার কানা পাড়া এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত থেকে মা ও মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না তাদের স্বজনরা। পরদিন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার একটি উঁচু পাহাড়ের নিচে তাদের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয়দের প্রাথমিক ধারণা, পাহাড়ের চূড়া থেকে পড়ে গিয়ে তাদের মৃত্যু হতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে জানান, মেঘলা এলাকা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।