ভোলার লালমোহন উপজেলায় মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় মৎস্য অভিযানে থাকা একটি স্পিডবোট ডুবে গিয়ে মো. ফখরুল নামে এক পুলিশ কনস্টেবল নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় স্পিডবোট চালকসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (১৮ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ পুলিশ ফখরুল মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন এবং তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা চরফ্যাশনের বেতুয়াগামী এমভি কর্ণফুলী-১২ লঞ্চটি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মঙ্গলসিকদার ঘাটে পৌঁছায়। এ সময় মৎস্য অধিদপ্তরের একটি দল স্পিডবোটে করে মেঘনা নদীতে মৎস্য রক্ষায় অভিযানে যাচ্ছিল। দলে মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্পিডবোট চালক এবং তিনজন পুলিশ সদস্য ছিলেন।
লঞ্চটি ঘাটে ভেড়ানোর সময় এর পেছনের প্রপেলারের ধাক্কায় স্পিডবোটটি উল্টে যায়। এতে স্থানীয়দের সহায়তায় ছয়জনকে উদ্ধার করা হলেও কনস্টেবল ফখরুল ইসলাম নিখোঁজ রয়েছেন। আহতদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত স্পিডবোট চালক মো. ইয়ামিনকে উন্নত চিকিৎসার জন্য ভোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, ‘নিখোঁজের পর থেকে পুলিশ সদস্য উদ্ধারের জন্য নদীতে অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি।
রাত বেশী হওয়ায় উদ্ধার অভিযান বন্ধ রয়েছে। তবে নৌবাহিনী ও কোস্ট গার্ডের দুইটি ডুবুরী দল লালমোহনের উদ্দেশ্যে রওনা হয়েছেন।’