মেহেদী হাসান , বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
“গ্রহীতা দাতার কাছে নয়, দাতা যাবে গ্রহীতার ঘরে”—এই মানবিক প্রতিপাদ্যকে সামনে রেখে মানবতা ফাউন্ডেশনের অঙ্গসংগঠনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও ঈদ উপহার সামগ্রী বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাঞ্চারামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্চারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া, অধ্যক্ষ মো. রুহুল আমীন, মো. মোশাররফ হোসেন রিপন, মো. জাহিদুল ইসলাম লিটন, মো. আহসান হাবিব, মো. মমিনুল ইসলাম, মো. মাহবুবুর রহমান ও মো. সাকিব হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে জানানো হয়, ঈদ উপলক্ষে প্রস্তুতকৃত প্রতিটি উপহার প্যাকেজে মুরগি, তেল, পোলাও চাল, চিনি, মসলা, দুধসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী অন্তর্ভুক্ত রয়েছে। বাঞ্চারামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবীদের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের ঘরে রাতের আঁধারে এসব উপহার পৌঁছে দেওয়া হবে, যাতে তাদের মর্যাদা অক্ষুণ্ণ থাকে।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। সংগঠনের প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী সদস্য আশিকুর রহমান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী সদস্য মেহেদী হাসান সিয়াম, মো. নাইম, ফয়সাল আহমেদ, মো. আল মারুফ, মো. ফজলে রাব্বি, মো. ফারুল, মো. সারোয়ার হোসেন আলমগীর, মো. আবির, মো. মাহিন, মো. সবুজ, ইমন, রাফি, মোহাম্মদ আলী, যোবায়ের আহমেদ, মো. আলামিন, মো. নাদিম, মো. জালাল, মো. সাইফুল মিয়াসহ আরও অনেক স্বেচ্ছাসেবী।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে মানবতা ফাউন্ডেশনের সামাজিক ও মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ উদ্যোগ, যা তরুণদের মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে। তিনি এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত করার আহ্বান জানান এবং প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, মানবতা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ঈদ উপহার বিতরণ, রক্তদান কর্মসূচি, শিক্ষা সহায়তা এবং দুর্যোগকালীন ত্রাণ বিতরণসহ নানা উদ্যোগের মাধ্যমে সংগঠনটি ইতোমধ্যে এলাকায় একটি মানবিক প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করেছে।