সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
ঈদের আনন্দ মুহূর্তেই বিষাদে রূপ নিল লালমনিরহাটের পাটগ্রামে। প্রিয়জনের সঙ্গে ঈদের ছুটি কাটাতে সপরিবারে বাড়ি ফেরার পথে ঘাতক ড্রাম ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এনজিও ‘পদক্ষেপ’ মানবিক উন্নয়ন কেন্দ্রের এক মাঠকর্মী, তার স্ত্রী এবং শিশুসন্তান।
মঙ্গলবার দুপুরে পাটগ্রাম-বুড়িমারী স্থলবন্দর মহাসড়কের মির্জারকোট মডেল মসজিদের সামনে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, জয়পুরহাটের হিলি এলাকার বাসিন্দা এনজিও কর্মী শরিফুল ইসলাম, তার স্ত্রী সুমাইয়া আক্তার ও তাদের ছোট সন্তান সোহান।
নিহতদের পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এনজিও কর্মী ওই ব্যক্তি পাটগ্রামে কর্মরত ছিলেন। সামনে পবিত্র ঈদুল ফিতরের ছুটি কাটানোর উদ্দেশ্যে তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে নিজ জেলা জয়পুরহাটের পথে রওনা দিয়েছিলেন।
মোটরসাইকেলটি মির্জারকোট মডেল মসজিদ এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ড্রাম ট্রাক তাদের সরাসরি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং আরোহীরা ছিটকে রাস্তায় পড়ে যান।
ঘটনাস্থলেই স্বামী, স্ত্রী এবং তাদের একটি ছোট মেয়ে মারা যান। দুর্ঘটনায় বড় ছেলেটি গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে শিশুটির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।
একই পরিবারের তিন সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।