মুন্সিগঞ্জ প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে টঙ্গীবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার পপুলার চাইনিজ রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যদের পাশাপাশি উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অতিথিরা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে সত্য ও ন্যায়ের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। তারা আরও বলেন, এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যকে আরও সুদৃঢ় করে।
টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো. মোজাফফর হোসেন শেখের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রনি শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলি আজগর রিপন মল্লিক।
এসময় আরও উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ ও বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মনিরুল হক ডাবলু, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শহিদ-ই-হাসান তুহিন, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেন,
টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট ব. ম. শামীম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন শেখ, ভিপি আব্দুল হাই, আক্তার হোসেন লাকুড়িয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আকবর হোসেন, দপ্তর সম্পাদক মাহবুব ইসলাম রন্টি, উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন খান বাবুসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও প্রেসক্লাবের সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা টঙ্গীবাড়ীর উন্নয়ন ও বিভিন্ন সমস্যা তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার কথা তুলে ধরেন। তারা ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতার করেন এবং পারস্পরিক কুশল বিনিময় করেন।