মাসুম হোসেন , (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিমুল ফুলের বাগান দেখতে এসে ট্রেনের ধাক্কায় রেলব্রিজ থেকে নিচে পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বসন্তের আগমনে লাল শিমুল ফুল দেখতে প্রতিদিনই ঘাটিনা রেলব্রিজ এলাকায় দর্শনার্থীদের ভিড় বাড়ছে। সেই সৌন্দর্য উপভোগ করতে এসে প্রাণ হারালেন দুই তরুণ। (১২ মার্চ বৃহস্পতিবার) দুপুরের দিকে উপজেলার ঘাটিনা রেলব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আব্দুল লতিফ প্রামাণিকের ছেলে আলফে সানি এবং আক্তার হোসেনের ছেলে ফয়সাল।
স্থানীয় সূত্রে জানা যায়, বসন্ত মৌসুমে ঘাটিনা রেলব্রিজ সংলগ্ন এলাকায় শিমুল ফুলে লাল হয়ে উঠেছে প্রকৃতি। সেই দৃশ্য দেখতে ও ছবি তুলতে দুই যুবক দুপুরের দিকে রেলব্রিজের ওপর উঠেন। এ সময় হঠাৎ দ্রুতগতির একটি ট্রেন ব্রিজের দিকে এগিয়ে আসে। ট্রেনটি খুব কাছে চলে আসায় তারা দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেন।
এ সময় ট্রেনের ধাক্কায় তারা ব্রিজ থেকে নিচে পড়ে যান। এতে একজন ঘটনাস্থলেই নিহত হন এবং অপরজন গুরুতর আহত হন।
স্থানীয় যুবক শিশির আহমেদ শাকিল জানান, দুইজনই শিমুল ফুলের বাগান দেখতে ও ছবি তুলতে রেলব্রিজে উঠেছিলেন। হঠাৎ ট্রেন চলে আসায় তারা সরে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ট্রেনের ধাক্কায় দুজনই নিচে পড়ে যান। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
পরে স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন গুরুতর আহত যুবককে উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা সদরের ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মোকলেছুর রহমান জানান, ঘাটিনা রেলব্রিজ এলাকায় ট্রেনের ধাক্কায় ব্রিজ থেকে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
স্থানীয়রা জানান, বসন্ত মৌসুমে ঘাটিনা রেলব্রিজ এলাকায় শিমুল ফুল দেখতে প্রতিদিন অনেক দর্শনার্থী আসেন। অনেকেই ছবি তোলার জন্য ঝুঁকি নিয়ে রেললাইনের ওপর বা ব্রিজে উঠে পড়েন। এতে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। তারা ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন।