মোঃ হাচান আল মামুন , দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি রোধে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর দীঘিনালা জোন।
শুক্রবার দুপুর ১২ টার দিকে দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তানজিম পারভেজ এবং সেনাবাহিনীর দীঘিনালা জোনের জোন অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন আব্দুল্লা আল আজমী।
অভিযান চলাকালে বাজারের বিভিন্ন তেলের পাম্প ও খুচরা তেলের দোকান পরিদর্শন করা হয়। এসময় তেলের মজুদ পরিস্থিতি, বিক্রয় কার্যক্রম এবং কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানজিম পারভেজ বলেন, দেশের বর্তমান পরিস্থিতি এবং বৈদেশিক নানা অস্থিরতা ও সংকটের প্রভাবে জ্বালানি তেলের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির সম্ভাবনা থাকে। তাই কোনো অসাধু ব্যবসায়ী যেন এই পরিস্থিতির সুযোগ নিয়ে তেল মজুদ করে বাজারে অস্থিরতা তৈরি করতে না পারে, সে বিষয়টি নিশ্চিত করতে আমরা নিয়মিত বাজার তদারকি করছি। কেউ যদি অবৈধভাবে তেল মজুদ করে বা বেশি দামে বিক্রি করার চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সেনাবাহিনীর দীঘিনালা জোনের জোন অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন আব্দুল্লা আল আজমী বলেন, সাধারণ মানুষ যাতে স্বাভাবিকভাবে জ্বালানি তেল সংগ্রহ করতে পারে এবং বাজারে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি না হয়, সে লক্ষ্যেই উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে তেল বিক্রি এবং কোনো ধরনের অবৈধ মজুদ না করার জন্য সতর্ক করা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।