মোঃআতেফ ভূঁইয়া গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর টঙ্গী বাজার এলাকার ‘মা সফুরউন নেছা’ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মার্কেটের অন্তত ১৩টি দোকান ও একটি প্রেসের মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (৬ মার্চ) রাত আনুমানিক ১২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ৫৭ নম্বর ওয়ার্ডের টঙ্গী বাজার আনারকলি রোড এলাকায় অবস্থিত সফুরউন নেছা মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে মার্কেট থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখে স্থানীয়রা দ্রুত টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ১টা ৩০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে— জামান ইলেকট্রিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সরকার পদ্মা গ্যালারি, সাব্বির এন্টারপ্রাইজ, টঙ্গী ফোম অ্যান্ড বেডিং, কুমিল্লা পর্দা গ্যালারি, মডার্ন পর্দা গ্যালারি, মায়ের দোয়া হার্ডওয়্যার, সিপি ফাইভ স্টার, সাথী গ্লাস অ্যান্ড থাই অ্যালুমিনিয়াম, ডিজিটাল প্রিন্ট, আশরাফুল এন্টারপ্রাইজ, এম এইচ ইলেকট্রিক এবং বিসমিল্লাহ হোম ফার্নিসিংসহ মোট ১৩টি দোকান।
অগ্নিকাণ্ডের সময় টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। এছাড়া স্থানীয় ব্যবসায়ী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরাও আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান, আগুনে কয়েকটি দোকান ও একটি প্রেসের ভেতরের মালামাল এবং মেশিন পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।