রাশিমুল হক রিমন, বরগুনা
বঙ্গোপসাগরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই জেলে বহরের মধ্যে সংঘর্ষে চার জেলে আহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জেলে সাগরে পড়ে নিখোঁজ রয়েছেন।
বুধবার দিবাগত রাতে বরগুনার পাথরঘাটা থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে গভীর সমুদ্রের আঠার বাম এলাকায় এ ঘটনা ঘটে। আহত জেলেদের বৃহস্পতিবার সকালে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিখোঁজ জেলেরা হলেন পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের বাসিন্দা মো. হিরু বয়াতি (৪০) ও জসিম গাজী (৩২)। সংঘর্ষে আহত হয়েছেন আমির হোসেন (৪০), কবির (৩৮), ইব্রাহিম (৪০) ও বাবু (২৩)।
জেলে ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মনির আকনের মালিকানাধীন এফবি ‘মায়ের দোয়া’ ট্রলারের জেলেরা গভীর সমুদ্রে মাছ ধরছিলেন। এ সময় অপর একটি ট্রলার তাদের পাতা জালের ওপর দিয়ে উঠে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে।
ট্রলার মালিক মনির আকনের অভিযোগ, জালের ওপর দিয়ে ট্রলার ওঠায় প্রতিবাদ করলে প্রতিপক্ষের জেলেরা লোহার পাইপ, শিকল ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। পরে আরও কয়েকটি ট্রলার এসে তাদের ট্রলার ঘিরে ফেলে জেলেদের ওপর মারধর শুরু করে। এ সময় লোহার টুকরা ও পাথর নিক্ষেপ করা হয়। হামলার একপর্যায়ে হিরু বয়াতি ও জসিম গাজী সাগরে পড়ে নিখোঁজ হন।
ভুক্তভোগী জেলেদের অভিযোগ, হামলাকারীরা ট্রলার থেকে চার থেকে পাঁচ লাখ টাকার মাছ লুট করে নিয়ে গেছে। এছাড়া প্রায় সাড়ে চার হাজার ফুট জাল কেটে নিয়ে গেছে।
ফিরে আসা জেলেদের দাবি, হামলায় অংশ নেওয়া ট্রলারগুলোর মধ্যে এফবি মুন্না, এফবি মক্কা মদিনা ও এফবি জায়েন খান নামে তিনটি ট্রলার ছিল। এসব ট্রলারের মালিকদের বাড়ি বাগেরহাট জেলার রায়েন্দা এলাকায়।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা বলেন, ভুক্তভোগীরা থানায় মৌখিক অভিযোগ করেছেন। তাদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে সাগরে থাকা অন্যান্য ট্রলার দিয়ে খোঁজ চালানো হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় জেলেরা।