মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলাতে বালুর ড্রেজার নিয়ে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে টর্চলাইট জ্বালিয়ে বিভিন্ন বাড়িতে হামলা চালায়। বর্তমানে ঘটনাস্থলে সেনা টহল চলছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বুধবার (৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নের পুলিন্দারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, পুলিন্দারপাড় এলাকার একটি পক্ষের সঙ্গে পাশের বিন্দুসার এলাকার লোকজনের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জের ধরেই বুধবার রাতে হঠাৎ করে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, পরিকল্পিতভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে টর্চলাইটের আলোয় কয়েকটি বসতবাড়িতে হামলা চালানো হয়।
সংঘর্ষের সময় কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। পাশাপাশি এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে সাধারণ মানুষের মধ্যে চরম ভীতি ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয় এবং টহল জোরদার করা হয়।
মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বর্তমানে এলাকায় অতিরিক্ত টহল অব্যাহত রয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।