মঈন উদ্দীন,বান্দরবান
বান্দরবান পার্বত্য জেলার নবনির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উজানী পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন।
মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১১টার দিকে উজানী পাড়া এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর ও ২টি দোকান পুড়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের হাতে ব্যক্তিগত উদ্যোগে আটটি পরিবারকে ৫০০০ টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন নবনির্বাচিত এই সংসদ সদস্য।
এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের এমপি সাচিং প্রু জেরী, বান্দরবান বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গনি, যুগ্ম আহ্বায়ক সা শৈ প্রু, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আর্থিক সহায়তা প্রদান শেষে বক্তব্যকালে সাচিং প্রু জেরী বলেন, ঘনবসতিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সবসময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। তিনি উল্লেখ করেন, ছোট একটি অসতর্কতা কিংবা সামান্য ত্রুটিও মুহূর্তের মধ্যে বড় ধরনের দুর্ঘটনায় রূপ নিতে পারে। বিশেষ করে বৈদ্যুতিক সংযোগ, গ্যাস সিলিন্ডার, চুলা এবং দাহ্য পদার্থ ব্যবহারে সবাইকে সচেতন ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বাড়িঘর নির্মাণের ক্ষেত্রে নিরাপত্তা বিষয়গুলো গুরুত্ব দিতে হবে এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থার প্রাথমিক প্রস্তুতি রাখা প্রয়োজন। প্রত্যেক পরিবারে অন্তত প্রাথমিক অগ্নিনির্বাপণ সামগ্রী রাখার পাশাপাশি আগুন লাগলে কীভাবে দ্রুত ব্যবস্থা নিতে হবে—সে বিষয়ে ধারণা থাকা জরুরি।
সাচিং প্রু জেরী বলেন, দুর্যোগের সময় পারস্পরিক সহযোগিতা ও মানবিক সহমর্মিতাই সবচেয়ে বড় শক্তি। স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। ভবিষ্যতে যেন এমন মর্মান্তিক ঘটনা না ঘটে, সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।