মাসুম হোসেন , (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, সরকারের নির্বাচনী ইশতাহারে স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বাজেট বৃদ্ধি ও তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা এবং ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীদের উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি তারা যেন নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকেন এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহ নিশ্চিত করা হবে।
চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, রোগীদের সঙ্গে ভদ্র আচরণ করে সময় নিয়ে চিকিৎসা প্রদান করলে শতকরা ৮০ ভাগ রোগী এমনিতেই সুস্থ হয়ে উঠবেন।
হাসপাতালের জায়গা দখল ও দালাল চক্রের দৌরাত্ম্য প্রসঙ্গে ডা. মুহিত বলেন, কেন্দ্রীয় সরকারের একার পক্ষে এসব সমস্যা স্থায়ীভাবে সমাধান করা সম্ভব নয়। এ জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পুলিশ দিয়ে সাময়িকভাবে বন্ধ করা যায়, কিন্তু প্রত্যেক নাগরিককে হাসপাতালকে নিজের প্রতিষ্ঠান মনে করে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি জানান, মতবিনিময় সভায় জেলার হাসপাতালগুলোর সরঞ্জাম, চিকিৎসক ও জনবল সংকটের বিস্তারিত তথ্য নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এসব সমস্যার সমাধান করা হবে।
এছাড়া মহাসড়কের পাশে নির্মিত ট্রমা সেন্টার দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
সভায় জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিভিল সার্জন ডা. রুহুল আমিনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।