সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট জজ কোর্ট এলাকায় অটোরিকশা থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের দায়ে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাদের হাতেনাতে আটক করার পর এই সাজা প্রদান করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, দণ্ডিতদের মধ্যে একজনকে এক মাস এবং অন্যজনকে দেড় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজা ঘোষণার পরপরই তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সম্প্রতি লালমনিরহাট জজ কোর্ট এলাকায় অটোরিকশা থামিয়ে জোরপূর্বক টাকা আদায় করছে একটি চক্র। বিষয়টি নিয়ে সাধারণ মানুষ ও চালকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হলে প্রশাসনের নজরে আসে এটি।
সূত্র ধরে আজ বিকেলে জজ কোর্ট এলাকায় বিশেষ অভিযানে নামে জেলা গোয়েন্দা পুলিশ। চাঁদাবাজির সময় ওই দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে সাজা প্রদান করা হয়।
পুলিশ জানায়, সাধারণ মানুষের নিরাপত্তা এবং যান চলাচল নির্বিঘ্ন করতে এ ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। জজ কোর্ট এলাকার মতো গুরুত্বপূর্ণ জায়গায় এমন অপরাধ কোনোভাবেই বরদাশত করা হবে না।