হাসনাত আবদুল্লাহ বলেছেন, সরকারি বেতন ভাতার মধ্যেই চাকরি করতে হবে, কোনো ঘুষ বা দুর্নীতি চলবে না। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলায় আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, থানায় বা উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো দালাল থাকবেনা। দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দেবিদ্বার থানার ওসিকে উদ্দেশ্য করে তিনি স্পষ্টভাবে নির্দেশ দেন, “আজকের পর থেকে থানায় কোনো দালাল থাকবে না।” এছাড়া তিনি একাধিক পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
হাসনাত বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সরকার প্রদত্ত সুবিধার মধ্যে থেকে জনগণকে সেবা দিতে হবে এবং অতিরিক্ত কিছু নেওয়ার সুযোগ নেই। তিনি জনগণের পাশে থেকে সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে হয়রানি প্রতিরোধে কাজ করার প্রতিশ্রুতি দেন।
সভায় তিনি আইনশৃঙ্খলা উন্নয়ন, যানজট নিরসন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ও গোমতীর মাটি কাটা বন্ধের জন্য প্রশাসনকে নির্দেশনা দেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি, থানার ওসিসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।