কলাপাড়া,পটুয়াখালী প্রতিনিধিঃ
সুদের টাকা পাওয়াকে কেন্দ্র করে হাসপাতালে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিয়াম মাহমুদকে বহিষ্কার করা হয়েছে।
আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) জেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে প্রাথমিক সদস্যপদসহ সকল সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে পটুয়াখালী জেলা ছাত্রদল।
জেলা শাখা সূত্রে জানা গেছে, সম্প্রতি সুদের টাকা সংক্রান্ত বিরোধের জেরে একটি হাসপাতালে হামলার ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। বিষয়টি সংগঠনের পক্ষ থেকে পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহমেদ এ সিদ্ধান্ত অনুমোদন করেন। একই সঙ্গে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে বহিষ্কৃত সিয়াম মাহমুদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ প্রকাশ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই তাকে বহিষ্কার করা হয়েছে বলে তিনি দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী, যারা টাকা আদায়ের নামে অসহায় মানুষের বাড়িতে হামলা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাকে বহিষ্কার করা হয়েছে। তবে তিনি দলের আদর্শে থেকে অন্যায়ের প্রতিবাদ চালিয়ে যাবেন বলেও জানান।