মোঃ হাসনাইন , ভোলা:
ভোলার তজুমদ্দিন উপজেলা-এ এক সন্তানের জননী (২৫)কে রাতভর গণধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। রোববার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার চাঁদপুর ইউনিয়নের শশীগঞ্জ গ্রামের দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে ভোলা ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল-এ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাকিব নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
ভুক্তভোগীর মা ও স্থানীয় সূত্রে জানা যায়, ২২ ফেব্রুয়ারি বিকেলে চাঁদপুর ইউনিয়নের দড়িচাঁদপুর শায়েস্তাকান্দি গ্রামের ওই নারী আড়ালিয়া গ্রামে অনীল বাবাজীর তিরোধান উৎসবে (কীর্তন) অংশ নেন। রাত ৯টার দিকে পরিচিত অটোচালক রাকিব, শাকিল ও রাসেল বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে অটোরিকশায় তুলে নেয়।
অভিযোগ রয়েছে, তারা শশীগঞ্জ গ্রামের দাসপাড়া ধোপাবাড়ির মোড় এলাকায় নিয়ে তার মুখ চেপে ধরে পাশের একটি সুপারি বাগানে নিয়ে যায়। সেখানে জোরপূর্বক চেতনানাশক ওষুধ খাইয়ে রাতভর পালাক্রমে ধর্ষণ করা হয়।
ভোরে স্থানীয়রা তাকে বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় ব্যবসায়ী স্বপন দাসের সহায়তায় তাকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়।
ভোলা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. ইকবাল হোসেন বলেন, ভিকটিমের প্রচুর রক্তক্ষরণ হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভুক্তভোগীর পরিবার দাবি করেছে, রাকিব, শাকিল ও রাসেল নামের তিন যুবক তাকে তুলে নিয়ে রাতভর নির্যাতন করেছে। ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন তারা।
রাকিব নামের একজনকে আটক করা হয়েছে ।
তজুমদ্দিনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, খবর পেয়ে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে আইনি সহায়তা দিতে এগিয়ে এসেছে মহিলা বিষয়ক অধিদপ্তর-এর কর্মকর্তারা।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।