মুন্সিগঞ্জ প্রতিনিধি
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম; জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমা নাহার;
উপপরিচালক (স্থানীয় সরকার) মৌসুমী মাহবুব; কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ হাবিবুর রহমান; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম;
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার; মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম;
সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান; সরকারি হরগঙ্গা কলেজ ও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষবৃন্দ; যুগ্ম পরিচালক এনএসআই; জুলাই যোদ্ধাবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন।
আলোচনা সভার শুরুতে দুইজন শিক্ষার্থী ভাষা আন্দোলনকে কেন্দ্র করে তাদের বক্তব্য উপস্থাপন করেন। পরে আরও দুইজন শিক্ষার্থী ভাষা আন্দোলনভিত্তিক কবিতা আবৃত্তি করেন।
বক্তারা ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রাণ উৎসর্গকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তারা বলেন, সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউরের আত্মত্যাগই বাঙালির স্বাধিকার আন্দোলনের ভিত্তি রচনা করে,
যা পরবর্তীতে স্বাধীনতার পথ প্রশস্ত করে। ভাষা আন্দোলনের চেতনাই জাতির প্রেরণার উৎস হিসেবে আজও প্রাসঙ্গিক। নতুন প্রজন্মের কাছে এ চেতনাকে পৌঁছে দিতে বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠান শেষে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।