মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে পদযাত্রা, শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবি করেন তাঁর বোন মাসুমা হাদি।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে নলছিটি ইসলামিয়া ফাজিল মাদরাসা প্রাঙ্গণে মাসুমা হাদির নেতৃত্বে তরুণ-তরুণীরা জড়ো হন। সেখান থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের বাসস্ট্যান্ড অতিক্রম করে কেন্দ্রীয় শহীদ মিনার-এ গিয়ে শেষ হয়।
অংশগ্রহণকারীরা জাতীয় পতাকা, প্ল্যাকার্ড ও ওসমান হাদির ছবি হাতে নিয়ে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গান গেয়ে এগিয়ে যান। পরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ভাষা আন্দোলনের শহীদদের পাশাপাশি বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
বক্তব্যে মাসুমা হাদি বলেন, একুশের চেতনা অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করার শিক্ষা দেয়। তাঁর ভাই সবসময় ন্যায়বিচার ও রাষ্ট্রীয় সংস্কারের পক্ষে ছিলেন। তিনি দাবি করেন, শরীফ ওসমান হাদির হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠাই শহীদদের প্রতি প্রকৃত সম্মান বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় জাতীয় পর্যায়ে পরিচিতি পান শরীফ ওসমান বিন হাদি। শিক্ষা ও রাষ্ট্রীয় সংস্কারের দাবিতে আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন তিনি। পরবর্তীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২৫ সালে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণাকালে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় বিপুল মানুষের উপস্থিতি তাঁকে শেষ শ্রদ্ধা জানায়।