সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার ( ২০ ফেব্রুয়ারী) দুপুরে বিরামপুর উপজেলার টিএন্ডটি মোড় এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাদের প্রাণহানি ঘটে।
নিহতরা হলেন— ঘোড়াঘাট উপজেলার শালিকাদহ গ্রামের মিজানুর রহমানের ছেলে সজিব হাসান (২৫) এবং একই এলাকার তহিদুল ইসলামের ছেলে ইজহারুল ইসলাম রাব্বী ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সজিব হাসানের শ্বশুরবাড়ি ফুলবাড়ি উপজেলার চিন্তামন এলাকায়। শুক্রবার সকালে দুই বন্ধু মোটরসাইকেলে করে সেখানে যান। দুপুরের দিকে নিজ এলাকায় ফেরার পথে বিরামপুর শহরের টিএন্ডটি মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর তারা সড়কে ছিটকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিরামপুর থানা পুলিশ–এর পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে। পরিবারের কোনো আপত্তি না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহত ইজহারুল ইসলাম রাব্বীর ঘরে রয়েছে মাত্র সাত মাস বয়সী একটি শিশু সন্তান। আকস্মিক এ দুর্ঘটনায় দুই পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয়রা দ্রুত দায়ী ট্রাক ও চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।