শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ এলাকায় আন্দোলন চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর নিরাপত্তাজনিত কারণে মেট্রো ট্রেন আপাতত শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে থামছে না।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে এমআরটি লাইন-৬-এর দায়িত্বশীল কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।
তারা জানান, নিরাপত্তার স্বার্থে স্টেশন দুটি এড়িয়ে চলার জন্য ‘স্ট্রিক্ট নির্দেশনা’ দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৭টা ৫৮ মিনিট থেকে শাহবাগ স্টেশনে এবং রাত ৮টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে ট্রেন থামানো বন্ধ রাখা হয়েছে।
কর্মকর্তারা আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হলে আজ ট্রেন চলাচল শেষ হওয়া পর্যন্ত এই দুটি স্টেশনে আর ট্রেন থামবে না।
এদিকে আজ শুক্রবার মেট্রো ট্রেনের সর্বশেষ যাত্রা উত্তরা উত্তর স্টেশন থেকে রাত ৯টায় এবং মতিঝিল স্টেশন থেকে রাত ৯টা ৪০ মিনিটে ছাড়বে।
এর আগে, জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ-এর নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রার চেষ্টা করলে পুলিশ জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে।
সংঘর্ষে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব জাবেরসহ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএসসহ অন্তত ৩১ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসা দেওয়া হচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শাহবাগ ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।