ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর পর শাহবাগ এলাকায় চলমান বিক্ষোভের মধ্যে দৈনিক প্রথম আলো পত্রিকার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে রাজধানীর কাওরানবাজারে অবস্থিত পত্রিকাটির প্রধান কার্যালয়ে এই হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতে শাহবাগ এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে একদল উত্তেজিত লোক প্রথম আলো কার্যালয়ের সামনে উপস্থিত হয়। এ সময় তারা প্রথম আলো ও ভারতবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে বিক্ষোভকারীদের একটি অংশ কার্যালয়ের ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়।
হামলাকারীরা অফিসের ভেতরে থাকা কাগজপত্র ও কম্পিউটার ছড়িয়ে-ছিটিয়ে ফেলে এবং ক্ষতিসাধন করে। একই সঙ্গে কার্যালয়ের সামনের অংশে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চলছে বলে জানা গেছে।