২১ নভেম্বরের ভূমিকম্পে দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছে ঢাকা জেলা প্রশাসন। ঢাকায় বসবাসকারী কিংবা ঢাকায় অবস্থানকালে এ দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবার এই সহায়তার আওতায় আসবে।
শুক্রবার রাতে জেলা প্রশাসক মো. রেজাউল করিম এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এতে আরও বলা হয়, ভূমিকম্পে আহতদের জন্য সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহযোগিতা দেওয়া হবে। চিকিৎসকের সুপারিশ অনুযায়ী এই সহায়তা প্রদান করা হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যেসব আহত ব্যক্তি নিজে যোগাযোগ করতে অক্ষম, তাদের ক্ষেত্রে হাসপাতালের তত্ত্বাবধায়ক, এটেনডেন্ট বা নিকটাত্মীয় জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের +৮৮০১৭০০৭১৬৬৭৮ নম্বরে যোগাযোগ করে সহায়তা গ্রহণ করতে পারবেন। ঢাকায় বসবাসকারী অথবা ঢাকায় এসে ভূমিকম্পে আহত হয়েছেন—এমন সবার জন্য এই সুবিধা প্রযোজ্য থাকবে।