রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় ভূমিকম্পের সময় একটি পাঁচতলা ভবনের অংশ ধসে তিন পথচারীর মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। নিহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে বংশালের কসাইটুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভূমিকম্প শুরুর সঙ্গে সঙ্গেই পাশের পাঁচতলা ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে তিনজন পথচারী ঘটনাস্থলেই মারা যান। তারা স্বাভাবিকভাবে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঘটনার পর মুহূর্তেই সেখানে পৌঁছে যায় ফায়ার সার্ভিস ও পুলিশ।
বংশাল থানার ডিউটি অফিসার আশীষ কুমার ঘোষ বলেন, ভূমিকম্পের সময় ভবনের রেলিং ধসে পড়ে তিন পথচারী নিহত হয়েছেন। আমাদের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেছেন। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।