ডিএনসিসি আওতাধীন এলাকায় অবৈধভাবে স্থাপিত সব ধরনের ব্যানার, ফেস্টুন, পোস্টার, সাইনবোর্ড, বিজ্ঞাপনী নামফলক, এলইডি, বিলবোর্ড অপসারণে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মঙ্গলবার প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
গণবিজ্ঞপ্তিতে ডিএনসিসি জানায়, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিভিন্ন সড়ক, ভবন, ছাদ, দেয়ালসহ জনসাধারণের দৃষ্টিগোচরস্থানে বিজ্ঞাপন সামগ্রী ঝুলানো ও স্থাপন করা হয়েছে, যা সম্পূর্ণ অবৈধ।
ডিএনসিসি বলেছে, নির্ধারিত সময়সীমার মধ্যে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিজ দায়িত্বে এসব ব্যানার, পোস্টার, বিলবোর্ড, এলইডি ও বিজ্ঞাপন সরাতে হবে। অন্যথায় উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জরিমানাসহ আইনগত ব্যবস্থার মুখোমুখি হতে হবে।
ডিএনসিসি আরও জানায়, নগরীর সৌন্দর্য, শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে এই অভিযান কঠোরভাবে পরিচালিত হবে।