শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আনা বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে। রাশিয়া থেকে আনা এসব সরঞ্জাম রোববার খালাসের কথা থাকলেও তার আগেই আগুনে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।
শনিবার বেলা আড়াইটার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবি সদস্যরা যৌথভাবে কাজ করেন। প্রায় সাত ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এলে দেখা যায়, গুদামের আমদানি করা পণ্যের পুরো অংশই ভস্মীভূত হয়েছে। কার্গো ভিলেজের ওই অংশেই বিদেশ থেকে আমদানি করা পণ্য রাখা হতো।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে আনা এসব বৈদ্যুতিক সরঞ্জামের খালাসের দায়িত্বে ছিল মমতা ট্রেডিং কোম্পানি। আজ রোববার সকালে বিমানবন্দরের কার্গো ভিলেজের সামনে ওই প্রতিষ্ঠানের কাস্টমস সরকার বিপ্লব হোসাইনের সঙ্গে কথা হয়। তিনি জানান, ছয় দিন আগে সাতটি শিপমেন্টের মাধ্যমে প্রায় ১৮ টন বৈদ্যুতিক সরঞ্জাম দেশে আসে।
বিপ্লব হোসাইন বলেন,
“এই সরঞ্জাম খালাসের আগে পরমাণু শক্তি কমিশনের এনওসি (অনাপত্তিপত্র) প্রয়োজন। সেই প্রক্রিয়ায় দেরি হওয়ায় গত বৃহস্পতিবার পর্যন্ত পণ্য খালাস করা যায়নি। আজ খালাসের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল, কিন্তু তার আগেই আগুনে সব পুড়ে গেছে।”
তিনি জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি, তবে রাশিয়া থেকে আনা বৈদ্যুতিক উপকরণের বেশিরভাগই সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। কার্গো ভিলেজে সংরক্ষিত এসব পণ্য দেশের গুরুত্বপূর্ণ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অংশ ছিল বলে জানা গেছে।