বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণার মামলায় জামিন পাওয়ার একদিনের মধ্যেই আবারও মারধরের অভিযোগ উঠেছে ‘Sa Re Ga Ma Pa’ খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেল-এর বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে মামলার বাদী আনাননিয়া শবনম রোজ (অনন্যা) অভিযোগ করেন, জামিন পাওয়ার পর নোবেল তাকে বাসায় নিয়ে শারীরিক নির্যাতন করেছেন।
ভুক্তভোগীর দাবি, মামলা করায় ক্ষুব্ধ হয়ে নোবেল তাকে মারধর করেন। অনন্যার মা বিবি কুলসুমও অভিযোগ করেন, জামিনের সময় মিষ্টি কথা বললেও পরে হুমকি দেওয়া হয়েছে এবং মারধরের ঘটনা ঘটেছে। তাদের কাছে নির্যাতনের ভিডিও ও প্রয়োজনীয় নথি রয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, বিয়ের প্রলোভন দেখিয়ে ১৩ লাখ ১৮ হাজার টাকা আত্মসাৎ ও আটকে রেখে হেনস্তার অভিযোগে গত বছরের ১৩ আগস্ট মামলা দায়ের করা হয়। তদন্তের পর গ্রেফতারি পরোয়ানা জারি হলে ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে নোবেলকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালত তাকে ২ এপ্রিল পর্যন্ত জামিন দেন। নতুন অভিযোগে আইনি জটিলতা আরও বাড়তে পারে।